কিশোরগঞ্জের ভৈরবে বাদাম খেত থেকে বাড়ি ফেরার পথে চলন্ত নছিমন থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে তাজিম (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের উমনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজিম একই ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদি প্রবাসী হোসেন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উমনাথপুর বিলের জমি থেকে নছিমনে করে বাদাম গাছ নিয়ে বাড়ি ফিরছিল তাজিম। পথে সড়কের একটি খানাখন্দে চাকা পড়লে গাড়িটি প্রচণ্ড ঝাঁকুনি খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তাজিম নিচে ছিটকে পড়ে এবং ওই নছিমনের পেছনের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিয়া ইসলাম নেভী জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/আরএসএল