কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধ চায়না রিং ও কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) দুপুরে ভৈরব বাজারের রানী বাজার ও চক বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এসব অবৈধ জাল জব্দ করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ভৈরব বাজারে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানের প্রথম পর্যায়ে চক বাজার এলাকার বিসমিল্লাহ টাওয়ারের নিচতলার একটি ভূগর্ভস্থ গুদামে তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও চায়না রিং জাল উদ্ধার করা হয়। অবৈধ জাল মজুত ও বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক মো. ফরহাদ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তীতে রানী বাজারের এসকে টাওয়ারে অবস্থিত 'রানা এন্টারপ্রাইজ'-এ অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ১০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক রানা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক সাংবাদিকদের বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবাধে এসব নিষিদ্ধ চায়না রিং ও কারেন্ট জাল বিক্রি করে আসছিল। এসব জালের ব্যবহার দেশের নদী-নালা ও খাল-বিলের মৎস্য প্রজনন এবং পোনা মাছ মারাত্মকভাবে ধ্বংস করছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দসহ দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’
তিনি আরও জানান, জব্দকৃত ৫০ লাখ টাকা মূল্যের সমস্ত নিষিদ্ধ জাল পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
ডিবিসি/এমএনকে