কিশোরগঞ্জের ভৈরবে সাত মাস বয়সী শিশু তানভীর আহম্মেদ মুজাহিদ হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ও শিশুটির বাবা মেরাজ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ মে) দুপুরে উপজেলার মানিকদী পূর্বকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেরাজ মিয়া একই এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সূত্র জানায়, শিশুটি নিহতের ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মেরাজকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাজাহান জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তিতে উঠে এসেছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
জানা যায়, গত ১৬ এপ্রিল মেরাজ মিয়া তার শ্বশুরবাড়ি থেকে শিশু মুজাহিদকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যান। পরে তিনি দাবি করেন যে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।
নিখোঁজের সাত দিন পর, গত ২৩ এপ্রিল সকালে স্থানীয় একটি বিলের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে স্বামী মেরাজ মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবিসি/আরএসএল