বাংলাদেশ, জাতীয়

ভোটকেন্দ্রের গোপন কক্ষের ছবি তোলা নিষেধ: ইসি সচিব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে, তবে গোপন কক্ষে ভোট দেওয়ার কোনো ছবি তোলা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সচিব স্পষ্ট করে বলেন, ভোটার, প্রার্থী এবং এজেন্টরা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তবে ভোট প্রদানের গোপন কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় মোবাইল ব্যবহারের বিষয়টি নিয়ে কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল। কমিশনের আগের নির্দেশনাটি হয়তো লিখিতভাবে সঠিকভাবে প্রকাশ পায়নি, তাই বিষয়টি এখন পরিষ্কার করা হলো।

 

এবারের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতির বিষয়ে সচিব জানান, মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন এবং আইআরআই থেকে ১২ জন প্রতিনিধি রয়েছেন। এছাড়া তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন ও জর্জিয়া থেকে পর্যবেক্ষক এবং আল জাজিরা, রয়টার্স, ডয়চে ভেলে ও এপির মতো আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য আসছেন।

 

সংবাদ সম্মেলনে ব্যালট পেপার ও নির্বাচনী পরিবেশ নিয়েও কথা বলেন ইসি সচিব। তিনি জানান, ফরিদপুর-১ এবং বরগুনা আসনের ব্যালট পেপারে কিছু ত্রুটি ছিল, যা ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল প্রচারণাও কঠোরভাবে মনিটরিং করা হবে। নির্বাচনী সহিংসতায় দুটি প্রাণহানির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং রাজনৈতিক বক্তব্যগুলো এখনো শালীনতার মধ্যেই রয়েছে। ফলাফল প্রকাশে বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন