জাতীয়

ভোটকেন্দ্রে দীর্ঘ হতে শুরু করেছে ভোটারদের সারি

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪:১১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্ধারিত সময়ের আগেই ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ হতে শুরু করে ভোটারদের সারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই আবহে উৎসবের আমেজ শুরু হয়েছে দেশজুড়ে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কেন্দ্রে ভোটারদের প্রাণবন্ত উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণ শুরুর আগেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তারা ব্যালট বক্স সিলগালাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করছেন। প্রত্যেক ভোটারের জাতীয় পরিচয়পত্র যাচাই করে তবেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

 

নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ নিরাপত্তা ছাড়াও বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ এবং ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে আছে।


নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার সশস্ত্র সদস্য রয়েছে সেনাবাহিনীর। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মাঠের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

 

ভোটের মাঠে যেকোনো ধরনের নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে নিয়োজিত রয়েছেন ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

বিশাল এই নির্বাচনী কর্মযজ্ঞ তদারকি করতে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতিও রয়েছে। ইসির আমন্ত্রণে ও স্বেচ্ছায় আসা ৩৩৫ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৫৬ জন বিদেশি সাংবাদিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি দেশীয় ৮০টি সংস্থার প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষকও এই নির্বাচনে নজরদারি করছেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন