আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ ও নির্বিঘ্ন করতে এবার ভোটার স্লিপে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।
ইসি কমিশনার জানান, আগে ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীকের তথ্য থাকার সুনির্দিষ্ট নিয়ম না থাকলেও এবার ভোটারদের সুবিধার্থে তা অন্তর্ভুক্ত করার
সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে ভোটাররা সহজেই কেন্দ্র শনাক্ত করার পাশাপাশি তাদের কাঙ্ক্ষিত প্রার্থী ও প্রতীক সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। এতে ভোটপ্রদান প্রক্রিয়া আরও সহজতর হবে।
নির্বাচন কমিশনার আরও জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচনি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হবে এবং দিনের মধ্যেই সব প্রয়োজনীয় উপকরণ সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এছাড়া নির্বাচন আয়োজনের সর্বশেষ প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বুধবার বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
নির্বাচনের ফল ঘোষণা নিয়ে তিনি বলেন, ফল প্রকাশ হবে স্বাভাবিক প্রক্রিয়ায়। ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফলাফল জানানোর পাশাপাশি নির্বাচন কমিশন ভবন থেকেও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে, যাতে ভোটগ্রহণ ও ফল প্রকাশে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
ডিবিসি/এএমটি