বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

ভোটার হলেন তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে ডিসেম্বর ২০২৫ ০৪:৫৩:১৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার (২৮শে ডিসেম্বর) ইসির এই অনুমোদনের মধ্য দিয়ে দেশে ভোটার হলেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

 

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হতে অনলাইনে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে গত শনিবার (২৭শে ডিসেম্বর) দুপুর ১টার দিকে সশরীরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেন তিনি। যার মাধ্যমে ভোটার হওয়ার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

ওইদিন তারেক রহমানের সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেন। রবিবার তারেক রহমানের পাশাপাশি তাকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র ঠিকানা ব্যবহার করে ভোটার হওয়ার আবেদন করেন।

 

২০০৮ সাল থেকে দীর্ঘসময় প্রবাসে অবস্থানের কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে তার ভোটার হওয়া বাধ্যতামূলক। যদিও পৈতৃক আসন বগুড়া-৬ থেকে নির্বাচনের প্রস্তুতি ছিল, তবে কৌশলগত কারণে তিনি ঢাকার অভিজাত এই আসনের ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন