বাংলাদেশ, জাতীয়

ভোটের আগে রাজধানীতে কড়া নিরাপত্তা, মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার উৎসবমুখর সময় শেষ হতেই রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথগুলোতে পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, শাহবাগ, ধানমন্ডি, উত্তরাসহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। সন্দেহজনক মনে হলে ব্যাগ ও যানবাহনের ভেতর তল্লাশি চালানো হচ্ছে।


শাহবাগ মোড়, জাতীয় প্রেস ক্লাব, দোয়েল চত্বর ও পলাশীসহ বিভিন্ন পয়েন্টে পুলিশের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সকাল থেকেই তল্লাশি কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর বস্তু বা নাশকতার সরঞ্জাম পাওয়া যায়নি।


ধানমন্ডি ২৭, সায়েন্সল্যাব ও জিগাতলাসহ বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি-কে আলাদাভাবে টহল দিতে এবং তল্লাশি চালাতে দেখা গেছে।


রাজধানীর অন্যতম প্রবেশপথ উত্তরা এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী জানান, বিভাগের ছয়টি থানা এলাকায় নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন