সারা দেশে বিরামহীন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, যেখানে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে ভোটের মাঠ গরম করছেন।
ঠাকুরগাঁওয়ে এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। অন্যদিকে নীলফামারী-২ আসনে নির্বাচনি জনসভায় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম পাল্টা মন্তব্য করে বলেছেন, গত ৫৪ বছর ধরে জাতিকে কেবল বিভক্ত করা হয়েছে।
ভোটের আর মাত্র নয় দিন বাকি থাকতে প্রার্থীরা ক্লান্তিহীনভাবে ভোটারদের কাছে ছুটছেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান তুলে ধরছেন তারা। শরীয়তপুর–৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু কুচাইপট্টি ইউনিয়নে প্রচারণাকালে বিগত সময়ে নির্যাতিতদের ন্যায়বিচার ও সম্মানের আশ্বাস দেন। কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নারীদের অগ্রগতি ও সমৃদ্ধিকে মর্যাদা দেয় না, ব্যালটের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে হবে।
এছাড়া প্রার্থীরা নিজ আসনের বাইরেও দলীয় অন্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সিলেট-১ আসনে ধানের শীষের গণসংযোগ করেছেন সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী। এদিকে কুমিল্লার লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মন্তব্য করেছেন, বিএনপি ও জামায়াতের কাছ থেকে দেশবাসীর নতুন করে পাওয়ার কিছু নেই। সব মিলিয়ে নানা সমীকরণ ও প্রত্যাশায় জমে উঠেছে ভোটের মাঠ।
ডিবিসি/এনএসএফ