ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে এসে ভাই হত্যার বিচার দাবি করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এ সময় তাঁর হাতে ভাই ওসমান হাদির ছবিসহ একটি প্ল্যাকার্ড দেখা যায়, যেখানে লেখা ছিল, “আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।”
ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে প্ল্যাকার্ডটি উপস্থিত ভোটার, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে। এ বিষয়ে মাসুমা হাদি বলেন, তাঁর ভাইয়ের হত্যার বিচার আজও হয়নি এবং তাঁরা ন্যায়বিচার চান। বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি উল্লেখ করেন, ১৭০০ শহীদ ও তিন হাজারের বেশি মানুষ অন্ধ হওয়ার মতো রক্তঝরার বিনিময়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জুলাইয়ের পর তাঁর ভাইকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি দাবি জানান, যে সরকারই ক্ষমতায় আসুক, তাঁর ভাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
মাসুমা হাদি আরও মন্তব্য করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিক হিসেবে ভোট দেওয়া যেমন দায়িত্ব, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও সাংবিধানিক অধিকার। তাঁর এই প্রতিবাদকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে সাময়িক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হলেও সার্বিক পরিবেশ শান্ত ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখেন।
ডিবিসি/আরএসএল