সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোটারদের কোনো প্রকার শঙ্কা ছাড়াই কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে নিজের ভোট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি ।
সেনাপ্রধান বলেন, আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের দিন। এই দিনটির জন্য গত দেড় বছর ধরে অপেক্ষা করা হয়েছে।
তিনি বলেন, সারাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে কেন্দ্রে যান এবং নিজের ভোট দিন। নির্বাচন চলাকালীন সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানানোর ফলে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে উৎসাহিত হচ্ছেন। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিবিসি/এএমটি