বগুড়া-৬ আসনের উপনির্বাচনে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার বিকেলে শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, গণতন্ত্রের স্বার্থে তারা ভোট বর্জন করছেন না বরং নির্বাচনের ফলাফল নিয়েই বাড়ি ফিরতে চান।
সংবাদ সম্মেলনে আবিদুর রহমান সোহেল নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর পর থেকেই রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা পক্ষপাতমূলক আচরণ করছেন এবং তারা সরাসরি প্রতিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন।
জামায়াত প্রার্থীর দাবি অনুযায়ী, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার আগেই আগাম শিটে স্বাক্ষর নেওয়ার মতো ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচনী সহিংসতার অভিযোগ তুলে তিনি জানান, নামুজা এলাকায় তার এক কর্মীকে মারধর এবং পাঁচবাড়িয়া এলাকায় তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। কয়েকটি কেন্দ্র থেকে তার সমর্থকদের বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি।
সোহেল আরও জানান, নূরানী মোড় এলাকায় তার এক কর্মীকে প্রতিপক্ষ দলের লোকজন ছুরিকাঘাত করেছে, যিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আক্ষেপ করে বলেন, নির্বাচন নিয়ে ইতোমধ্যে ২০টিরও বেশি লিখিত অভিযোগ করা হলেও রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি, বরং তিনি প্রতিপক্ষের স্বার্থ রক্ষায় ব্যস্ত রয়েছেন। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিবিসি/টিবিএ