বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তবে তার দল নির্বাচনের ফলাফল অবশ্যই মেনে নেবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে তিনি বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তবে আজ তাদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যাচ্ছে এবং মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তিনি সবাইকে আহ্বান জানান যেন ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের অধিকার প্রয়োগ করতে পারেন, যাতে সকলে মিলে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ নেওয়া সম্ভব হয়।
তারেক রহমান বলেন, তারা বিজয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এবং ততটুকু আসন প্রত্যাশা করছেন যা দিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করা যাবে। নির্বাচনে জয়ী হলে সরকার গঠনের রূপরেখা নিয়ে তিনি জানান, যাদের সঙ্গে নিয়ে দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের সবাইকে নিয়েই তিনি দেশ পরিচালনা করতে চান।
সারাদেশে ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, কিছু জায়গায় একটি রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি মনে করেন, দেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ এবং তারা যদি ঘর থেকে বেরিয়ে এসে দলে দলে ভোট দেয়, তবে ভোটের সংখ্যা বাড়ার মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।
ভোটের ফলাফল ঘোষণা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ফল গণনায় অযথা দেরি হওয়ার কোনো কারণ নেই। দেশের মানুষ ভোট দিয়ে দ্রুত ফলাফল জানতে চায় এবং নির্বাচন কমিশনও দ্রুততম সময়ে মানুষের রায় পৌঁছে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও যোগ করেন, যারা অনৈতিক কাজ বা অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা তৈরি হচ্ছে। তবে সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ যদি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ থাকে, তবে যেকোনো ফলাফল গ্রহণে তাদের কোনো দ্বিধা নেই।
ডিবিসি/এএমটি