ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি বিশালাকার ইলিশ। স্থানীয়ভাবে ‘রাজা ইলিশ’ নামে পরিচিত এই মাছটি বরিশালের একটি আড়তে নিলামের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।
আজ রবিবার (১৭ মে) সকালে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মাছঘাটে মাছটি প্রথম বিক্রির জন্য আনা হয়। সেখানকার আড়তদার আল-আমিন বেপারী জানান, মেদুমা মাঝির হাট সংলগ্ন মেঘনা নদীতে রুবেল মাঝির নেতৃত্বে একদল জেলে ট্রলার নিয়ে মাছ ধরতে যান। জাল তোলার সময় অন্যান্য সাধারণ ইলিশের সাথে এই বিশাল আকারের মাছটি উঠে আসে।
মাছটি ঘাটে আনা হলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় ঘাটের নিলামে আড়তদার আল-আমিন বেপারী নিজেই ৯ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন। পরে অধিক লাভের আশায় তিনি মাছটি বরিশাল মোকামে পাঠান, যেখানে পুনরায় নিলামের মাধ্যমে মাছটি ১০ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। বিশাল আকারের কারণে মাছটি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে বলে জানান তিনি।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন এ বিষয়ে জানান, সাম্প্রতিক সময়ে নদীতে নিয়মিত ও কঠোর মৎস্য অভিযান পরিচালনার সুফল এটি। ইলিশ সুরক্ষায় প্রশাসনের নানামুখী পদক্ষেপের কারণে নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে নদীতে এমন আরও বড় বড় ইলিশ ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিবিসি/টিবিএ