জেলার সংবাদ

ভোলায় পাচারকালে বিপন্ন প্রজাতির ২৫০টি কচ্ছপ উদ্ধার ও অবমুক্ত

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার চরফ্যাশনে পাচারের প্রস্তুতিকালে বিপন্ন প্রজাতির ২৫০টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৪ আগস্ট) রাতে চরফ্যাশন বাজারে একটি সফল অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে অবরুদ্ধ অবস্থায় এই কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত কচ্ছপগুলোকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে প্রধানত ‘সুন্ধি কাছিম’ এবং স্থানীয়ভাবে পরিচিত ‘কড়ি কাইট্টা’ প্রজাতির কচ্ছপ রয়েছে। উপকূলীয় বন বিভাগ ভোলার সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা সুফল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজারে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযান শেষে রাত ১০টার দিকে কচ্ছপগুলোকে সদর উপজেলা ও চরফ্যাশন রেঞ্জ অফিসের পুকুরে অবমুক্ত করা হয়।

 

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে বিলুপ্তপ্রায় কচ্ছপ শিকার ও পাচারের অভিযোগ আসছিল। এই তথ্যের ভিত্তিতে বন বিভাগ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল এবং এর ধারাবাহিকতায় অভিযানটি পরিচালনা করে। তবে বন বিভাগের উপস্থিতি আগে থেকেই টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বাংলাদেশে ২০২৬ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী কচ্ছপ শিকার, কেনাবেচা এবং পাচার সম্পূর্ণ বেআইনি। তা সত্ত্বেও দেশি-বিদেশি চোরাকারবারিদের দৌরাত্ম্যে বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির কচ্ছপ অবৈধভাবে শিকার ও পাচার হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং কচ্ছপ পাচার সম্পূর্ণভাবে রোধ করতে বন বিভাগের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন