জেলার সংবাদ

ভোলায় পিস্তল ও ম্যাগাজিনসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা আটক

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২রা সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৬:০০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার দৌলতখান উপজেলায় পিস্তল ও ম্যাগাজিনসহ মো. নাহিদ হোসাইন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নাহিদ উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

বুধবার (০২ আগস্ট) বিকেল ৪টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

 

পুলিশ সুপার জানান, মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম চরপাতা ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় মো. নাহিদ হোসাইনের বসতঘরের শয়নকক্ষের তোশকের নিচ থেকে তার দেখানো মতে একটি সেমি-অটোমেটিক ক্যালিবার ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ উদ্ধারপূর্বক তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি জানান, এ ঘটনায় আসামিকে তার হেফাজতে থাকা উদ্ধারকৃত পিস্তল সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধারকৃত পিস্তলের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। প্রয়োজনে আসামিকে রিমান্ডে নিয়ে অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য আসামিকে শনাক্তসহ গ্রেপ্তার করা হবে।

 

তবে পিস্তলটিতে একটি সরকারি নম্বর লেখা থাকায় এটি সরকারি কি না- এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, সাধারণত পিস্তলটির গায়ে যে নম্বরটি লেখা রয়েছে, সেটি দেখলে মনে হচ্ছে এটি সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র। তবে এ বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা পুলিশ হেডকোয়ার্টারে এ তথ্য পাঠিয়েছি। সেখান থেকে জানানোর পর নিশ্চিতভাবে বলা যাবে এটি গত ৫ আগস্ট লুণ্ঠিত অস্ত্র কি না।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন