বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলায় স্পিডবোট দুর্ঘটনা: ৪৫ ঘণ্টা পর নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার লালমোহনে মেঘনা নদীতে স্পিডবোট ডুবির ঘটনার ৪৫ ঘণ্টা পর নিখোঁজ পুলিশ সদস্য ফকরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(২০ মার্চ) বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা সংলগ্ন মেঘনা নদীর তীরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত ফকরুল ইসলাম লালমোহনের মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

এর আগে, গত বুধবার রাতে লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং অভয়াশ্রম এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য বিভাগ ও পুলিশের সাত সদস্যের একটি দল ভাড়া করা একটি স্পিডবোটে করে নদীতে যৌথ অভিযানে যাচ্ছিল। পথে ঘাটে নোঙর করা একটি লঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র স্রোতের কবলে পড়ে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারায় এবং লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

 

এ সময় স্পিডবোটে থাকা সাতজনই নদীতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পুলিশ সদস্য ফকরুল ইসলাম নিখোঁজ হন। ঘটনার পরপরই তাকে উদ্ধারে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস যৌথ তল্লাশি শুরু করে। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে আসা একটি ডুবুরি দলও এই উদ্ধার অভিযানে অংশ নেয়। টানা তল্লাশির পর শুক্রবার বিকেলে তার মরদেহের সন্ধান মেলে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন