ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন মাস বয়সী এক অসুস্থ শিশুকে রেখে তার মা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিচয়হীন শিশুটি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে এবং শনিবার দুপুরে শিশুটির দেখভালের দায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে এক নারী অসুস্থ শিশুটিকে হাসপাতালের মেঝেতে অন্য এক রোগীর পাশে শুইয়ে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। কিছু সময় পর শিশুটির পাশে কোনো স্বজনকে না দেখে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে হাসপাতালজুড়ে ওই নারীকে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে চিকিৎসা শুরু করেন। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আল মামুন বলেন, অজ্ঞাত এই শিশুটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি। সরকারি ব্যবস্থাপনায় শিশুটির চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেইন বলেন, শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। তার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, শিশুটির চিকিৎসা চলছে এবং সমাজসেবা কর্মকর্তাকে তার দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির পরিবারের সন্ধানেও কাজ চলছে।
ডিবিসি/আরএসএল