ভোলার চরফ্যাশন উপজেলার মায়া নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামে এক ইটভাটা শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আলমগীর শরীয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতার চর এলাকার আবদুর রহমান খাঁর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীর চরফ্যাশনের ‘মেসার্স ফাহিম ব্রিকস’ নামের একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে তিনি সহকর্মীদের সঙ্গে ভাটার পাশে মায়া নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা নদী পাড়ে খোঁজাখুঁজি শুরু করলে সেখানে আলমগীরের ব্যবহৃত লুঙ্গি, জুতা ও ব্রাশ পড়ে থাকতে দেখেন।
নিখোঁজ শ্রমিকের সহকর্মী মোসারফ হোসেন জানান, তারা একসঙ্গে নদীতে নামলেও হঠাৎ আলমগীর চোখের আড়াল হয়ে যান। সহকর্মীদের ধারণা, আলমগীর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। গোসল করার সময় সম্ভবত হঠাৎ অসুস্থ হয়ে তিনি নদীতে তলিয়ে গেছেন। ফাহিম ব্রিকসের ব্যবস্থাপক আব্বাস উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টা থেকে আলমগীর নিখোঁজ রয়েছেন এবং আশপাশের সম্ভাব্য সব স্থানে খুঁজেও তার কোনো সন্ধান মেলেনি।
খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করলেও নদীর গভীরতা ও স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর রহমান জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধারে বরিশাল থেকে আসা বিশেষ ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে।
তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি, যা নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সহকর্মীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
ডিবিসি/টিবিএ