বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতে ভেসে গিয়ে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। বুধবার (৩ মে) সকাল ও দুপুরে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- লালমোহন উপজেলার বাসিন্দা মো. জামশেদের দেড় বছর বয়সী মেয়ে জাইমা রহমান, কালমা ইউনিয়নের বাসিন্দা মো. আনোয়ারের চার বছর বয়সী ছেলে মো. শাহাদাত এবং মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের জসিম হাওলাদারের ছয় বছর বয়সী ছেলে সজিব।


অন্যদিকে, মেঘনা নদীতে নিখোঁজ ১১ বছর বয়সী শিশুর নাম মো. হাসিব। সে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌদ্দঘর গ্রামের মো. হাফিজ উল্ল্যাহর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালমোহনের বদরপুর ও কালমা ইউনিয়নে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় জাইমা ও শাহাদাত। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।


একই সময়ে মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে যায় শিশু সজিব। পরে স্থানীয় লোকজন তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম এবং মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এদিকে দুপুর ১টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পরীর হাট সংলগ্ন মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে মো. হাসিব। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে পানির নিচে তলিয়ে যায় সে। এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।


ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন