রাজনীতি, জেলার সংবাদ

ভোলার মনপুরায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৮

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার মনপুরা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষ ঘটে।


জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে জামায়াতের পাঁচজন নেতাকর্মী আহত হন।

 

অন্যদিকে বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়েছেন।

 

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি জানান, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে পরে সেখানে জামায়াতের নেতারাও উপস্থিত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

আহত বিএনপি সমর্থকদের মধ্যে রয়েছেন মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা। জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় দু'দলের পক্ষ থেকেই লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনার তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন