বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলার মনপুরায় সংবাদকর্মীর ওপর ব্যবসায়ীর হামলা

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই এপ্রিল ২০২৬ ০১:০০:৪২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার মনপুরায় পেশাগত দায়িত্ব পালনকালে সজীব মোল্লা নামে এক সংবাদকর্মীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রকাশ্য দিবালোকে এই হামলার শিকার হন তিনি। ভুক্তভোগী সজীব মোল্লা জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার মনপুরা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং পাশাপাশি একটি ওষুধ কোম্পানিতেও দায়িত্ব পালন করছেন।

মনপুরা মডেল ফার্মার ব্যবসায়ী পলাশ ফরাজির কাছে তথ্য সংগ্রহের জন্য গেলে পূর্ব শত্রুতার জেরে সজীব মোল্লার ওপর চড়াও হন ওই ব্যবসায়ী। ইতিপূর্বে ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় পলাশ ফরাজি ক্ষিপ্ত ছিলেন। ঘটনার সময় তিনি সজীবকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে প্রকাশ্যে টেনে-হিঁচড়ে দোকানের ভেতরে নিয়ে আটকে রাখেন। 

 

সেখানে লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

 

অভিযুক্ত ফার্মেসি ব্যবসায়ী পলাশ ফরাজি মারধরের ঘটনা স্বীকার করলেও তিনি দাবি করেন, সাংবাদিকতার বিষয় নয় বরং ওষুধ কোম্পানির অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে। তিনি আরও জানান যে, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে এবং তার নির্দেশে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শালিশের মাধ্যমে এটি নিষ্পত্তি করবেন।

 

এদিকে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ জানান, পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে। ভিকটিমের সাথে কথা বলে এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, একজন সংবাদকর্মীর ওপর এমন নেক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন