জেলার সংবাদ

ভোলায় এক ইলিশ বিক্রি হলো ১২ হাজার ৮০০ টাকায়

ভোলা ‍প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার সাগর মোহনায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ, স্থানীয়ভাবে যাকে ‘রাজা ইলিশ’ বলা হচ্ছে। মাছটি নিলামে ১২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার দুপুরে জেলে মিরাজ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে শুক্রবার দুপুরে মাছটি ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটের নাগর হাজারীর আড়তে আনা হয়।


আড়তে কয়েকজন ব্যবসায়ীর অংশগ্রহণে নিলাম অনুষ্ঠিত হয়। এতে মাছটির সর্বোচ্চ দাম ওঠে ১২ হাজার ৮০০ টাকা। পরে ইলিশা বিশ্বরোড ঘাটের মাছ ব্যবসায়ী লোকমান ব্যাপারী মাছটি কিনে নেন। বেশি দামে বিক্রির আশায় মাছটি ঢাকায় পাঠানো হবে বলে জানান তিনি।

 

আড়াই কেজি ওজনের ইলিশটি দেখতে তালতলি মৎস্যঘাটে জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষের ভিড় জমে। জেলে মিরাজ মাঝি বলেন, সাধারণত এত বড় ইলিশ সচরাচর জালে ধরা পড়ে না। মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, সাগর থেকে ইলিশ নদীতে আসে এবং পরে আবার সাগরে ফিরে যায়। তবে কিছু ইলিশ নদীতে থেকে গিয়ে ধীরে ধীরে বড় হয়। পরে এসব বড় আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়ে।

 

মৎস্য কর্মকর্তারা বলছেন, ইলিশের ডিম ছাড়ার সময়ও ঘনিয়ে আসছে। এ কারণে ডিম ছাড়ার উপযোগী বড় ইলিশ নদীতে আসতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন