জেলার সংবাদ

ভোলায় কলেজছাত্রকে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার লালমোহনে প্রকাশ্যে মো. নয়ন নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ হামলায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পরপরই প্রধান অভিযুক্ত স্কুলছাত্র আবদুল্লাহ আল মানিক (১৭) দেশীয় অস্ত্রসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

নিহত মো. নয়ন লালমোহন পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

অন্যদিকে, অভিযুক্ত আবদুল্লাহ আল মানিক লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাবা আলাউদ্দিন। তাদের বাড়ি লালমোহন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে প্রকাশ্যে নয়নের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় মানিক। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও বর্তমান অবস্থা জানা যায়নি। ঘটনার পরপরই অভিযুক্ত মানিক হত্যায় ব্যবহৃত একটি সুইচগিয়ার ও একটি ছুরি নিয়ে সরাসরি লালমোহন থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

 

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত কোনো বিরোধকে কেন্দ্র করে এই নির্মম ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত আবদুল্লাহ আল মানিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

ডিবিসি/ এমএনকে

আরও পড়ুন