ভোলার মনপুরা উপজেলায় কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপনকে (৫০) আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কাজিরচর মাছের ঘাট এলাকায় কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে কুখ্যাত ডাকাত স্বপনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা।
আটক স্বপন মনপুরা থানার হাজিরহাট এলাকার বাসিন্দা। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে ওই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক ফৌজদারি মামলাও রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে এবং আটক স্বপনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডিবিসি/এসএস