ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাইনুদ্দিন (৩৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) বিকেলে উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত মাইনুদ্দিন পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং ঢাকায় কাজ করতেন। মাত্র একদিন আগে তিনি পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোটপাতা এলাকার ফয়জুল্লাহ ও তার লোকজনের সঙ্গে মাইনুদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এই পূর্বশত্রুতার জের ধরেই শুক্রবার বিকেলে প্রতিপক্ষের লোকজন মাইনুদ্দিনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে একটি পুকুরে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যুবককে হত্যার এই খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ মাঠে নামে এবং ছোটপাতা গ্রাম থেকে বজলুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, প্রাথমিকভাবে জমি নিয়ে বিরোধের জেরেই এই খুন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/পিআরএএন