ভোলার তজুমদ্দিন উপজেলায় বসতঘরের জমি নিয়ে বিরোধের জেরে মো. নুর ইসলাম (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর ইসলাম উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলীপুর গ্রামের বাসিন্দা। আজ শনিবার (১৮ জুলাই) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় মো. আবু জাফর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. নুর ইসলাম ও তার প্রতিবেশী মো. আবু জাফরের মধ্যে বসতঘরের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালের দিকে কৃষক নুর ইসলাম তার বসতঘরের পাশে একটি রান্নাঘর নির্মাণ করতে গেলে প্রতিবেশী আবু জাফর তাকে বাধা দেন। এ নিয়ে আবু জাফরের সাথে নুর ইসলামের বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নুর ইসলাম অসুস্থ বোধ করলে স্বজনরা তাকে ঘরে নিয়ে যান এবং সেখানেই তিনি মারা যান।
এ ঘটনার খবর পেয়ে তজুমদ্দিন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর ইসলামের মরদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত আবু জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্ত্রী আলেফা বেগম বাদী হয়ে আবু জাফর ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে আসামি করে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় আবু জাফর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকেও আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুরো ঘটনাটি পুলিশ গভীরভাবে তদন্ত করছে বলেও জানান তিনি।
ডিবিসি/পিআরএএন