বাংলাদেশ

ভোলায় জোয়ারে ভেসে জঙ্গলের হরিণ লোকালয়ে, উদ্ধার করে অবমুক্ত করল বন বিভাগ

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার মনপুরা উপজেলায় লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে ফের বনে অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাতির খাল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন যুবক মেঘনা নদীর পাড়ে ঘুরতে গিয়ে বেড়িবাঁধের জিও ব্যাগের সাথে আটকে থাকা অবস্থায় হরিণটিকে দেখতে পান। তারা দ্রুত হরিণটি উদ্ধার করে স্থানীয় বন বিভাগকে খবর দেন। সংবাদ পেয়ে পচাঁ কোড়ালিয়া বিটের বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটি তাদের হেফাজতে নেন। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সেটিকে পচাঁ কোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়।

 

পচাঁ কোড়ালিয়া বিট কর্মকর্তা সজীব সরকার জানান, হরিণটি সম্ভবত পার্শ্ববর্তী হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকা থেকে মেঘনা নদী সাঁতরে মনপুরায় চলে এসেছিল। খবর পাওয়ার পর দ্রুততম সময়ে সেটি উদ্ধার করে নিরাপদ পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল ইসলাম এই ঘটনায় সন্তোষ প্রকাশ করে জানান, বনসংলগ্ন এলাকার মানুষের মধ্যে সচেতনতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বন্যপ্রাণীর ক্ষতি না করে স্থানীয়দের এই সহায়তামূলক ভূমিকা অত্যন্ত ইতিবাচক।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন