ভোলার সদর উপজেলায় নিজের পানের বরজে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (২২) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত মামুন একই এলাকার মো. মনির দেওয়ানের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে মামুন তার নিজের পানের বরজে পরিচর্যার কাজ করছিলেন। এ সময় সেখানে থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে কৃষক মামুনের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবিসি/কেএলডি