জেলার সংবাদ

ভোলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি অনু ও সম্পাদক লিটন নির্বাচিত

Mehedi Hasan Rasel

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে ১৯ ভোট পেয়ে দৈনিক মাতৃছায়ার প্রতিনিধি মো. সোলাইমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে ২৯ ভোট পেয়ে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি নুরে আলম ফয়জুল্লাহ বিজয়ী হয়েছেন। 

 

এছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্যের একটি পদে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় এবং অপর একটি নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার হওয়ায় ওই পদগুলো শূন্য রয়েছে।

 

এবারের নির্বাচনে পাঁচটি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই প্রার্থী ইত্তেফাকের জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন ১৩ ভোট এবং কালবেলার মো. ওমর ফারুক ১১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মানবজমিনের মনিরুল ইসলাম ১২, যুগান্তরের এম হেলাল উদ্দিন ৫, এনটিভির আফজাল হোসেন ৪ এবং বাসসের আল আমিন শাহরিয়ার ও আমারদেশের ইউনুস শরীফ ১টি করে ভোট পেয়েছেন।

 

এছাড়া সহসভাপতি পদে একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু ১৬ ভোট ও দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের আ. সহিদ তালুকদার ৮ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা টিভির মো. জসিম রানা ১৯ ভোট এবং কোষাধ্যক্ষ পদে দিনকালের মো. মিজানুর রহমান ১৫ ভোট পেয়েছেন।

 

এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। কো-চেয়ারম্যান ছিলেন কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. এনামুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউছুফ, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান এবং সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন