যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা নতুন করে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠকের আগে আকস্মিকভাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
ইরানের কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনা এবং একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে চলতি মাসে এটি ছিল ভাইস প্রেসিডেন্টের দ্বিতীয় পাকিস্তান সফর। বুধবার (২২ এপ্রিল) জেডি ভ্যান্সের ইসলামাবাদ পৌঁছানোর কথা ছিল। তবে সেই সফর স্থগিত হয়ে যাওয়ায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বিবিসির অংশীদার সিবিএস-কে জানিয়েছেন, সরাসরি বৈঠক সংক্রান্ত পরবর্তী যেকোনো হালনাগাদ তথ্য কেবল হোয়াইট হাউস থেকেই জানানো হবে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পরপরই এই সফর বাতিলের সিদ্ধান্ত এল। যদিও ট্রাম্প তেহরানকে তাদের পক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতি বাড়িয়েছেন, কিন্তু ভাইস প্রেসিডেন্টের সফর বাতিল হওয়ায় মাঠপর্যায়ে কূটনৈতিক অগ্রগতির গতি থমকে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসলামাবাদ এই আলোচনার মধ্যস্থতা করে আসছিল। প্রথম দফার বৈঠকের পর এই দ্বিতীয় দফার বৈঠকটিই ছিল শান্তি প্রক্রিয়া স্থায়ী রূপ দেওয়ার মূল আশা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই উদ্যোগ এক অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
ডিবিসি/এফএইচআর