কেরালার ত্রিশূর জেলায় সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর আট প্রকৌশল শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টা ৪০ মিনিটে কাইপামঙ্গলমের পানাম্বিক্কুন্নু এলাকায় জাতীয় মহাসড়ক-৬৬-এ এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি প্রকৌশল কলেজের শিক্ষার্থীরা গুরুভায়ুর থেকে কোডুঙ্গালুরের দিকে যাচ্ছিলেন। তাদের গাড়িটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ছয়জন ঘটনাস্থলেই মারা যান। আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
নিহতদের মধ্যে ডিন্ডিগুলের সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব ও জোহুয়া এবং মাদুরাইয়ের সন্তোষ ও প্রসন্নের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এফআইআর অনুযায়ী, সড়ক নির্মাণকাজের কারণে যান চলাচল ঘুরিয়ে দেওয়া অংশের কাছে লরিটি মহাসড়কের ডান পাশে অবৈধভাবে পার্ক করা ছিল। দ্রুতগতির গাড়িটির চালক ডাইভারশন ব্যারিকেড দেখতে না পেয়ে লরির পেছনে ধাক্কা দেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার পর লরিচালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারায় মামলা করেছে কাইপামঙ্গলম পুলিশ। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।
ত্রিশূর রুরাল জেলা পুলিশ প্রধান মোহাম্মদ নাদিমুদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে লরিচালকের গাফিলতির বিষয়টি সামনে এসেছে। একই সঙ্গে মহাসড়ক কর্তৃপক্ষ ও নির্মাণ ঠিকাদারের পক্ষ থেকে যথাযথ সতর্কতামূলক সাইনবোর্ড ছিল কি না, সেটিও তদন্ত করা হবে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয়পত্রের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গাড়ি থেকে মরদেহ উদ্ধার করেন। পরে সেগুলো ত্রিশূর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ডিবিসি/এসএফএল