রাজধানীর মগবাজারে নির্বাচন বিরোধী মশাল মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রমনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া মশাল মিছিলের সত্যতা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের ঘটনা তার জানা নেই বলে জানিয়েছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই মশাল মিছিল থেকে স্থানীয়দের সহায়তায় ৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ছাড়াও ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজ শুক্রবার ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত।
এছাড়াও আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ভোটের পরদিন সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পৃথকভাবে একই কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ডিবিসি/ এইচএপি