বিবিধ

মগবাজার আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে মে ২০২৬ ০৫:১৮:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মগবাজারস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৭ মে) সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসন।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে জানানো হয়েছে, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এর একাধিক প্রসূতি মায়ের অনুরোধে কর্তব্যরত নার্সরা ওয়ার্ডের এসিগুলো বন্ধ করে দেন। পরবর্তীতে রাত ৩টার দিকে পুনরায় এসি চালু করা হয়। এরপর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে পর্যায়ক্রমে ওই ওয়ার্ডের আরও ৫ নবজাতককেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউতে নেওয়া হয়।

 

এরপর বুধবার সকাল ৬টায় প্রথম শিশুটি মারা যায় এবং পরবর্তীতে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বাকি ৫ নবজাতকেরও মৃত্যু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট ওয়ার্ডটিতে সদ্য প্রসূতি মায়েরা তাদের সন্তানদের নিয়ে অবস্থান করছিলেন এবং সেখানে রাতে তিনজন নার্স দায়িত্বে ছিলেন।

 

মর্মান্তিক এই ঘটনার পরপরই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য হাসপাতালে অবস্থান করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা কেন ঘটল, সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তদন্তে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণভাবেও এ ঘটনার তদন্ত চলছে এবং কারও কোনো গাফিলতি বা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন