আন্তর্জাতিক

মজা করার জন্য হলেও ইরানে আরও কয়েকবার হামলা করতে পারি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো প্রকার যুদ্ধবিরতি বা চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক নন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন হামলায় ইতোমধ্যেই খার্গ দ্বীপের অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় তিনি সতর্ক করে বলেন, কেবল শক্তি প্রদর্শনের খাতিরেই সেখানে আরও কয়েক দফা আঘাত হানতে পারে ওয়াশিংটন। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র কেবল সামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু করার কথা বললেও ট্রাম্পের বর্তমান মন্তব্য সংঘাতের তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

 

এই রক্তক্ষয়ী সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো আলোচনা ও কূটনীতির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ওয়াশিংটন সেই প্রস্তাবগুলো সরাসরি উপেক্ষা করছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা পদক্ষেপ নেওয়া অব্যাহত রয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী রোববার জানিয়েছে যে, তারা ইসরাইলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত তিনটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফলে পুরো অঞ্চলটি এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে।

 

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চিরতরে বন্ধ করাসহ ইরানি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটানোর দাবি তুলেছেন। তবে একই সাথে তিনি এনবিসি নিউজকে জানিয়েছেন যে, তেহরান সম্ভবত যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে আসার সংকেত দিচ্ছে। এদিকে সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা বা সম্ভাব্য মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। আরাকচি নিশ্চিত করেছেন যে, খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতি তিনিই সক্রিয়ভাবে পরিচালনা করছেন।

 

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন