দেশে মজুত থাকা প্রাকৃতিক গ্যাস দিয়ে বর্তমান হারে আরও ১২ বছর চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ দাঁড়িয়েছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।
ইকবাল হাসান মাহমুদ বলেন, যদি নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হয় এবং দৈনিক প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ অব্যাহত থাকে, তবে এই মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব হবে।
গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, পেট্রোবাংলার মহাপরিকল্পনার আওতায় মোট ১০০টি কূপ খননের লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ শেষ হয়েছে এবং বাকিগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে চলমান রয়েছে। সরকারের এই তৎপরতা সফল হলে মজুতের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/এফএইচআর