বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত দমনের পরিবর্তে তা সাদরে গ্রহণ করার একটি নতুন সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জুলাই মাসের আন্দোলন মূলত মতপ্রকাশের স্বাধীনতার জন্যই সংঘটিত হয়েছিল। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলের কথা স্মরণ করে তিনি বলেন, সেই দীর্ঘ সময়ে বর্তমান ক্ষমতাসীন দল এবং জামায়াতে ইসলামী উভয়কেই স্বাধীন মতপ্রকাশের কারণে চরম দমন-পীড়নের শিকার হতে হয়েছে। অতীতের সেই অন্ধকার যুগে দেশ আর ফিরে যেতে চায় না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতাকে অপরিহার্য শর্ত হিসেবে অভিহিত করে জামায়াত আমির জোর দিয়ে বলেন, ভিন্নমতকে স্তব্ধ করে দেওয়ার বদলে সেটিকে স্বাগত জানানোই হওয়া উচিত আমাদের আগামীর রাজনৈতিক সংস্কৃতি।
ডিবিসি/এফএইচআর