রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দিনদুপুরে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৭ জৃুন) বেলা ৩টার দিকে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে আহত ওই ব্যবসায়ীর নাম মো. লোকমান। তাঁকে উদ্ধার করে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রমতে, ছিনতাইকারী চক্রটি আগে থেকেই ব্যবসায়ী লোকমানকে অনুসরণ করছিল। তিনি জনতা ব্যাংকের সামনে আসামাত্রই একটি মোটরসাইকেলে করে দুজন এসে তাঁর গতিরোধ করে এবং হাতের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীকে গুলি করলে আশপাশের লোকজন ভয়ে দৌড়ে পালান। এরপর ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তবে ছিনতাই হওয়া ওই ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঘটনার সময় সেখানে একাধিক মোটরসাইকেলের উপস্থিতি ছিল। ইতিমধ্যে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এসব ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
ডিবিসি/এফএইচআর