সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক ফিলিপিনো গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার (১৩ মার্চ) সৌদি আরবের পাবলিক সিকিউরিটি অধিদপ্তর এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে খবর গালফ নিউজ।
ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গৃহকর্মী বাড়ির ভেতরে ছুরি ব্যবহার করে শিশুটিকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে নিহত শিশুর বয়স বা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত গৃহকর্মীকে বর্তমানে কারাগারে আটক রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সৌদি আরবের কঠোর আইনি বিধান অনুযায়ী মামলার পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি ইতিমধ্যে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
ডিবিসি/টিবিএ