সৌদি আরবের মদিনার সব মসজিদ ও জামে মসজিদে নারীদের নামাজের স্থান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
দেশটির ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।
এর আগে মদিনার অনেক স্থানীয় মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ, ঈদ কিংবা বিশেষ মৌসুমে খোলা থাকত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন প্রতিদিন সব ফরজ নামাজের সময় এসব স্থান খোলা থাকবে।
এই সিদ্ধান্ত সাধারণ মসজিদের পাশাপাশি বড় জামে মসজিদগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। তবে মসজিদে নববীতে আগে থেকেই নারীদের জন্য নিয়মিত ও বিস্তৃত নামাজের ব্যবস্থা থাকায় এটি নতুন সিদ্ধান্তের আওতায় কোনো পরিবর্তন আনছে না।
মদিনার ঐতিহাসিক মসজিদগুলোর নারীদের অংশে দায়িত্ব পালনের জন্য আগে থেকেই ১১৫ জন নারীকে মসজিদ পর্যবেক্ষক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিবলাতাইন, খন্দক, গামামা, জুমা ও অন্যান্য ঐতিহাসিক মসজিদ রয়েছে।
সূত্র: দ্য ইসলামিক তথ্য
ডিবিসি/এসএফএল