ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে চরম আঞ্চলিক উত্তেজনার জেরে নিরাপত্তাজনিত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর কর্তৃপক্ষ এ বছর খোলা মাঠে ঈদুল ফিতরের বড় জামাত আয়োজন স্থগিত করেছে। মুসল্লিদের ঐতিহ্যবাহী খোলা ময়দানের পরিবর্তে শুধুমাত্র মসজিদের ভেতরে ঈদের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
রমজান মাস শেষে ঈদের দিন সাধারণত এসব দেশের খোলা ঈদগাহগুলোতে হাজার হাজার মানুষের ঢল নামে। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও ইরানের হামলার পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের সরকারগুলো জনসমাবেশের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে জনসমাগমের বিষয়টি নতুন করে মূল্যায়ন করেই এ সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে দুবাই থেকে আল জাজিরার প্রতিবেদক জেইন বাসরাভি জানিয়েছেন, বাইরে বড় পরিসরে ঈদের জামাত আয়োজনের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা মুসলিম দেশগুলোর দীর্ঘদিনের প্রচলিত ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী।
চলমান এ যুদ্ধ পরিস্থিতি এই অঞ্চলের মানুষের উৎসব ও দৈনন্দিন জীবনযাত্রার ওপর ঠিক কতটা গভীর প্রভাব ফেলছে, এই সিদ্ধান্ত তারই একটি স্পষ্ট ইঙ্গিত।
তথ্যসূত্র: আলজাজিরা
ডিবিসি/এএমটি