আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ৭ দেশে একমাসে ইরানের ৫ হাজার ৪৭১ বার হামলা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত ২৮ মার্চ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের এক মাস পূর্ণ হয়েছে। এই এক মাসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের জর্ডান এবং গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্যভুক্ত অপর ছয়টি দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনে সর্বমোট ৫ হাজার ৪৭১ বার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

মূলত দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে কেন্দ্র করে এসব হামলা পরিচালিত হলেও, বেশ কয়েকবার এই সাতটি দেশের সরকারি, অর্থনৈতিক এবং জ্বালানি অবকাঠামোও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি ও একটি বিমানঘাঁটির পাশাপাশি আমিরাতের নিজস্ব সরকারি ও জ্বালানি স্থাপনাগুলোর ওপর গত এক মাসে ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯১৪টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কুয়েতে রয়েছে তিনটি মার্কিন সামরিক ঘাঁটি। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চের মধ্যে এসব ঘাঁটি এবং কুয়েতের অবকাঠামো ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইরান ৩০৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬১৬টি ড্রোন ছুড়েছে।

 

তৃতীয় সর্বোচ্চ হামলার শিকার হওয়া কাতারে গত এক মাসে ইরানের প্রতিরক্ষা বাহিনী ২০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯৩টি ড্রোন দিয়ে আঘাত হেনেছে। এরপরেই অবস্থান করছে বাহরাইন, যেখানে একই সময়সীমায় ১৭৪টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং ৩৯১টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিসহ অন্যান্য মার্কিন সামরিক স্থাপনা এবং সৌদির নিজস্ব অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনাগুলোতে গত এক মাসে ৫২টি ক্ষেপণাস্ত্র ও ১ হাজার ৬টি ড্রোন ছুড়েছে ইরান। এছাড়া এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইরানি প্রতিরক্ষা বাহিনী জর্ডানে ২৬২টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র এবং ওমানে ১৯টি ড্রোন হামলা চালিয়েছে।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন