আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের প্রতিশোধমূলক হামলা এখনো অব্যাহত রয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাতে শুরু হওয়া ইরানের এই হামলা এখনও চলছে বলে ধারণা করা হচ্ছে এবং পুরো অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

উত্তেজনার শিখা ছড়িয়ে পড়েছে জর্ডানেও। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলার আশঙ্কায় জর্ডান রাজ্যের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।

 

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোর থেকেই তাদের আকাশসীমায় তিনটি ব্যালিস্টিক মিসাইল, একটি ক্রুজ মিসাইল এবং ১০টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এই হামলাগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন।

 

বাহরাইন এবং কাতারেও ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে একই ধরনের হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। কাতারে সাধারণ মানুষের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়। যদিও খুব দ্রুতই আরেকটি বার্তার মাধ্যমে জানানো হয় যে হুমকিটি ইতোমধ্যেই মোকাবিলা করা হয়েছে, তবে গত কয়েক মাসের মধ্যে কাতারের বাসিন্দাদের জন্য এ ধরনের সতর্কবার্তা পাওয়ার ঘটনা এটিই প্রথম।

 

এদিকে উপসাগরীয় দেশগুলোতে এই হামলার যৌক্তিকতা তুলে ধরে ইরান বলছে, এই দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী, দেশগুলোর অভ্যন্তরে মার্কিন এসব ঘাঁটি স্থাপনের অর্থ হলো তারা ইরানের ওপর মার্কিন হামলাকে সমর্থন করছে।

 

তবে উপসাগরীয় দেশগুলো এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। কাতারের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের দেশে অবস্থানরত কোনো মার্কিন সামরিক ঘাঁটি ইরানে চালানো কোনো হামলার সঙ্গে যুক্ত নয়। একইসঙ্গে বর্তমান সংঘাত নিরসনে তারা আবারও সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন