বাংলাদেশ, রাজধানী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে বিবৃতি দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে অবসান ঘটাতে বিশ্বনেতাদের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ এপ্রিল) এক বিশেষ বার্তায় তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, ইতোমধ্যেই নানা যুদ্ধের ক্ষতে জর্জরিত বিশ্বকে এ সংঘাত আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিকে মানবতার জন্য এক কঠিন পরীক্ষা হিসেবে উল্লেখ করেন তিনি। সাবেক প্রধান উপদেষ্টা বলেন, এ যুদ্ধে নিরীহ বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশুরা অকাতরে প্রাণ হারাচ্ছে। নির্বিচারে ধ্বংস করা হচ্ছে বাড়িঘর, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং চরমভাবে উপেক্ষিত হচ্ছে মানুষের মৌলিক অধিকার।

 

তিনি সতর্ক করে বলেন, এটি কেবল কোনো নির্দিষ্ট অঞ্চলের সংকট নয়। এই যুদ্ধ বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে, যার সবচেয়ে বড় মূল্য চোকাতে হচ্ছে দরিদ্র দেশগুলোকে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বিপন্ন হয়ে উঠছে।

 

সংকট উত্তরণে সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক সংলাপকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার তাগিদ দিয়ে তিনি বলেন, সাহস, সহমর্মিতা ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বৈশ্বিক ঐক্য গড়ে তোলা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। বিশ্বনেতাদের এ পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস তার বিবৃতিতে স্মরণ করিয়ে দেন, এটি কেবল ভূরাজনীতি বা ক্ষমতার লড়াই নয়, বরং মানব সভ্যতার ভবিষ্যতের প্রশ্ন। তাই মানবজাতির অস্তিত্ব রক্ষার্থেই আমাদের যুদ্ধের পরিবর্তে শান্তি, হামলার পরিবর্তে সংলাপ এবং বিভাজনের পরিবর্তে ঐক্যকে বেছে নিতে হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন