ইরানে ইসরায়েলি হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলের সব রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে কয়েক হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
পরিদর্শনকালে মন্ত্রী টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আটকে পড়া যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, যাত্রীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই; তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং লাগেজ ফেরত পাওয়ার বিষয়েও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
এর আগে আজ বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বিজ্ঞপ্তিতে জানায়, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের আগাম যোগাযোগ না করে বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ওই রুটের বাণিজ্যিক ফ্লাইটগুলো বাতিল বা বিলম্বিত হচ্ছে।
যাত্রীদের ভোগান্তি কমাতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইনসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে। ফ্লাইট বাতিল বা পরিবর্তনের তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল বা কল সেন্টারের মাধ্যমে আগেভাগে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরে এয়ারলাইনসের কর্মীদের উপস্থিত থেকে সঠিক তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করে নিতে পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ডিবিসি/এফএইচআর