মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসে কর্মরত আমাদের নাগরিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তাদের এমন মর্মান্তিক মৃত্যু জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
বিরোধীদলীয় নেতা সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। তিনি আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কার্যকরভাবে দাঁড়াতে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যের চলমান সংকটে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। যেকোনো প্রকার উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপের বদলে শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের ওপর তিনি বিশেষ জোর দেন।
ডিবিসি/এএমটি