আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনাদের অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি একে এই অঞ্চলের জন্য বড় ধরনের হুমকি হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ঘালিবাফ বলেন, "সাম্প্রতিক যুদ্ধগুলো একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করেছে: আমাদের অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না-বরং এগুলো একটি হুমকি।"
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করে তিনি আরও দাবি করেন, আমেরিকা শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ রক্ষায় সচেষ্ট। তিনি লেখেন, "আমেরিকা ইসরায়েলের জন্য সবাইকে বিসর্জন দেয় এবং ইসরায়েল ছাড়া আর কারো পরোয়া করে না।"
আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়ে ইরানি এই শীর্ষ কর্মকর্তা এক রূপকধর্মী মন্তব্যে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাকে সজ্জিত যে কেউ আসলে আক্ষরিক অর্থেই নগ্ন!" অর্থাৎ, নিরাপত্তার জন্য আমেরিকার ওপর নির্ভরশীল হওয়া চরম ঝুঁকির শামিল।
দীর্ঘদিন ধরেই ইরান মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনাদের, বিশেষ করে মার্কিন সামরিক বাহিনীর বিদায় দাবি করে আসছে। ঘালিবাফের এই মন্তব্য সেই অনড় অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল