মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে চীন তার মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠককালে ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে যে যুদ্ধ চলছে তা কখনোই হওয়া উচিত ছিল না এবং এ সংঘাত চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। আলোচনার একপর্যায়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বেইজিংয়ের পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
মূলত এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন শুরু থেকেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় আরব দেশগুলোর সাথে সমন্বয় বাড়িয়ে সংকট সমাধানের পথ খুঁজছে বেইজিং।
তথ্যসূত্র: রয়টার্স
ডিবিসি/এএমটি