ইরানের সাথে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধের দ্রুত অবসানের জোরালো আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি উল্লেখ করেন, সুযোগ দেওয়া হলে এ সংকটের একটি কূটনৈতিক সমাধান এখনও সম্পূর্ণরূপে সম্ভব। বুধবার (১১ মার্চ) আঙ্কারায় তার দলের সংসদীয় সভার বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করলে তা পুরো অঞ্চলকে গ্রাস করতে পারে। তবে এরদোয়ান জানান, চলমান পরিস্থিতিতে তুরস্ক অত্যন্ত ধৈর্য্যের সাথে বিবদমান পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং কূটনীতিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বর্তমান পরিস্থিতির সংবেদনশীলতা তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আঙ্কারা অত্যন্ত সতর্কতার সাথে নিজেদের বক্তব্য উপস্থাপন করছে এবং চারপাশের সংঘাত থেকে দেশকে রক্ষা করতে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। তিনি স্পষ্ট করেন, তুরস্ক এ অঞ্চলের সংকটের প্রতি কোনোভাবেই উদাসীন নয় এবং প্রয়োজনের মুহূর্তে বন্ধু ও ভাইদের থেকে তারা কখনোই মুখ ফিরিয়ে নেবে না। আঞ্চলিক রক্তপাত ও বিশেষ করে সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে তুরস্ক যথাযথ পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
এ অঞ্চলের জনগণকে সম্প্রদায় বা জাতিগত ভিত্তিতে বিভক্ত করার ঘোর বিরোধিতা করে এরদোয়ান তার বক্তব্যে একটি শক্তিশালী ঐক্যের বার্তা দেন। তিনি বলেন, আমরা জাতি, সম্প্রদায়, ধর্ম, ভাষা বা উৎপত্তির ভিত্তিতে সব ধরনের বৈষম্য প্রত্যাখ্যান করি। আমাদের 'সুন্নি ইসলাম' বা 'শিয়া ইসলাম' বলে কোনো ধর্ম নেই। আমাদের কেবল একটিই ধর্ম আছে, আর তা হলো ইসলাম।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
ডিবিসি/এএমটি