জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ প্রায় এক ডজন দেশের বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
ফ্লেচার জানান, পুরো অঞ্চলজুড়ে বেসামরিক নাগরিকরাই মূলত যুদ্ধের চরম মূল্য চোকাচ্ছে। যেকোনো মূল্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তা সত্ত্বেও প্রতিনিয়ত ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলগুলোতে হামলা চালানো হচ্ছে।
তিনি উল্লেখ করেন, ইরান, লেবানন, সিরিয়া, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবসহ এর বাইরের বিভিন্ন দেশেও বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোগুলো ক্রমাগত হামলার শিকার হয়েছে।
এই জাতিসংঘ কর্মকর্তা আরও যোগ করেন যে, ইরান ও আশেপাশের অন্যান্য দেশগুলোতে জরুরি পরিস্থিতি মোকাবেলার পরিকল্পনা (কন্টিনজেন্সি প্ল্যান) সক্রিয় করা হয়েছে। তবে, ইরানে আন্তর্জাতিক সংস্থাগুলোর উপস্থিতি আগে থেকেই সীমিত হওয়ায় সেখানে কর্মরত ত্রাণকর্মীদের কাজের চ্যালেঞ্জ বহুগুণ বেড়ে গেছে।
ডিবিসি/আরএসএল